দুর্গাপুরের মামরা বাজার এলাকার বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা, অজয় জয়সওয়াল জম্মুতে সেনাবাহিনীর বন্ধুদের গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন এক দুর্ঘটনায় শহীদ হন বলে সেনাসূত্রে জানা গেছে। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও গোটা এলাকা।

বৃহস্পতিবার বিকেলে শহীদ জওয়ানের মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় পানাগর বায়ু সেনাঘাঁটিতে। এরপর শুক্রবার সকালে তাঁর মরদেহ নিয়ে আসা হয় তার নিজের বাড়ি মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীতে।
সেখানে পরিবারের সদস্য আত্মীয়-স্বজন এবং এলাকার অসংখ্য মানুষ শহীদ জওয়ানকে শেষ শ্রদ্ধা জানান। শোকাহত পরিবেশে সকলেই দেশ রক্ষায় তার আত্মবলিদানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই শোক বিহ্বল উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শ্রীপুর সাহা, পশ্চিম বর্ধমান জেলা বিজেপি সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় সহ একাধিক প্রশাসনিক ও সামাজিক ব্যক্তিত্ব।
মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, কর্তব্যরত অবস্থায় সেনা জওয়ানের এই অকাল প্রয়াণ খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক। অন্যদিকে বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখার্জি বলেন, “আমরা এই সেনা জওয়ানের অকাল প্রয়ানে গভীরভাবে মর্মাহত। খবর পাওয়া মাত্র আমরা বিমানবন্দরে আসার পর থেকে তার পরিবারের পাশে আছি।”

শোকাছন্ন পরিবেশে উপস্থিত হয়ে বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দেশমাতৃকার রক্ষায় সেনা জওয়ান অজয় জয়সওয়ালের এই আত্মত্যাগ খুবই দুঃখজনক ঘটনা। উল্লেখ্য, শহীদ জওয়ান অজয় জয়সওয়াল বয়স আনুমানিক ২৮ বছর, অবিবাহিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার প্রতিবেশী এবং সমগ্র দুর্গাপুরবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দেশের জন্য তাঁর এই আত্মত্যাগকে চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে মানুষ।।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

