আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে অভিনবভাবে নারী দিবস উদযাপন করা হলো। এদিন হাসপাতালের মহিলা চিকিৎসক, নার্স, সিকিউরিটি কর্মী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে কর্মরত মহিলাদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অসীমা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাদের কর্মজীবনের নানান অভিজ্ঞতা এবং প্রতিদিনের সংগ্রামের কথা তুলে ধরেন। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসে কীভাবে তারা নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্য পরিষেবায় নিজেদের দায়িত্ব পালন করছেন, সেই কথাও উঠে আসে আলোচনায়।

মহিলা স্বাস্থ্যকর্মীরা জানান, তাদের কর্মজীবনে এই প্রথমবার তাদের সম্মান জানিয়ে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফলে তারা নিজেদের সম্মানিত ও আপ্লুত বলে জানান এবং এর জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তকে কৃতজ্ঞতা জানান।

পাশাপাশি এদিন রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে সমস্ত মহিলা স্বাস্থ্যকর্মীদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে এই মহিলা কর্মীদের অবদান অনস্বীকার্য।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

