দুর্গাপুরের সিটি সেন্টারে অবস্থিত ভগৎ সিং স্টেডিয়ামে নির্মীয়মান আন্তর্জাতিক মানের অত্যাধুনিক সুইমিং পুল তৈরির কাজ পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান কবি দত্ত। এই পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি, কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে আধিকারিকরা নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং প্রকল্পটি দ্রুত সম্পূর্ণ করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার উপর জোর দেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, এই সুইমিং পুল চালু হলে দুর্গাপুরে ক্রীড়া প্রশিক্ষণ, সাঁতার শেখা এবং বিভিন্ন প্রতিযোগিতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে। এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত জানান, খুব শিগগিরই সুইমিং পুলটি চালু হতে চলেছে। পাশাপাশি শিশুদের জন্য আলাদা একটি সুইমিং পুলও তৈরি করা হচ্ছে। তিনি আরো জানান, ইতিমধ্যে একটি নতুন ক্লাব হাউস গড়ে উঠেছে এবং ভবিষ্যতে টেনিস কোর্ট, ব্যাডমিন্টন কোর্ট, বক্সিং রিং ও বিভিন্ন ধরনের ইনডোর গেমস এর কোড নির্মাণের পরিকল্পনা রয়েছে। এই প্রকল্প দুর্গাপুরের ক্রীড়া জগতের এক নতুন অধ্যায় খুলে দেবে বলে তিনি আশাবাদী।

অন্যদিকে পুর প্রশাসক অনিন্দিতা মুখার্জি জানান, এই আধুনিক পরিকাঠামোর ফলে ভবিষ্যতে দুর্গাপুর থেকে রাজ্য ও জাতীয় স্তরের সাঁতারু তৈরি হবে। তার মতে এই উদ্যোগ শহরের ক্রীড়া সংস্কৃতিকে আরও শক্তিশালী করবে।

এই প্রকল্প বাস্তবায়িত হলে দুর্গাপুর যে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রীড়াকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে সে বিষয়ে আশাবাদী প্রশাসন ও ক্রীড়া প্রেমী মানুষজন।
সমরেন্দ্র দাস, Lcw India দুর্গাপুর

